দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭১তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইএসডিবি-বিআইএসইডব্লিউ।
এই প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পাবেন। বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি। আইএসডিবি-বিআইএসইডব্লিউর তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের অধীনে কোর্স সম্পন্ন করা ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ ও বিদেশে কর্মরত আছেন।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় মোট ১৩টি কোর্সে শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে। প্রায় ১৯ বছর ধরে চলমান এই কার্যক্রম এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা বর্তমানে দেশে-বিদেশে ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত।
বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে দেশের যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
বয়সসীমা: আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সের এবারের ৭১তম রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।
পরীক্ষার ধরণ ও স্থান: ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুযোগ-সুবিধা: বিনামূল্যে করানো হয় কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী আবেদন করতে পারবেন।
স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ:
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ:
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,
৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন।
আবেদনের প্রক্রিয়া:
ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না।