সোমবার (৪ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে নোটিশটি জারি করা হয়।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন—যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে এমন নেতিবাচক সংবাদ দলটির জন্য বিব্রতকর ও দুঃখজনক বলে এতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা জানান, তিনি নোটিশ পেয়েছেন এবং নির্দেশনা অনুযায়ী ৫ মে ঢাকায় গিয়ে উপস্থিত হবেন।
অন্যদিকে, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই জবাব দেব। আমাদের বিষয়ে অভিযোগ ভুয়া। সংগঠনকে আমরা সে বিষয়েই অবহিত করব।’