জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এক ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো বার্তা না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠনটি এই কর্মসূচি শুরু করে।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে একই দাবিতে যমুনার সামনে এককভাবে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। পরে সাড়ে ৬টার দিকে সংগঠনের পক্ষ থেকে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
ওই সময় প্রকাশিত বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের বিষয়ে এক ঘণ্টার মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের তরফ থেকে কোনো বার্তা না এলে ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে।
আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, পূর্বঘোষিত এক ঘণ্টার সময় শেষ হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার জাতিসংঘের অধীনে তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণের অনুরোধ জানানো হয়।