ইরান–যুক্তরাষ্ট্র সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের বিপরীত সুর শোনা গেছে ওয়াশিংটনের এক গোপন বৈঠকে। জনসমক্ষে উত্তেজনা না বাড়ানোর পক্ষে কথা বললেও আড়ালে ভিন্ন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ নেতৃত্ব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন না করেন, তাহলে তেহরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে—ওয়াশিংটনে এক গোপন বৈঠকে এমন সতর্কবার্তা দিয়েছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে উপস্থিত চারটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
এই মন্তব্য সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো। প্রকাশ্যে দেশটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ানোর বিরোধিতা করে আসছে। মাত্র তিন সপ্তাহ আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানে হামলা না চালাতে ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সতর্কতার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প হামলার সিদ্ধান্ত পিছিয়েছিলেন বলে জানা গেছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই এবং সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত খালিদ বিন সালমান ইরান ইস্যুতে আলোচনা করতেই ওয়াশিংটন সফরে গেছেন। এদিকে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে উৎকণ্ঠা বাড়ছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো হামলার জবাব হবে নজিরবিহীন।