পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং তিতাস নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রায় ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করেছে সামাজিক সংগঠন ‘কুড়িঘর, আমাদের গ্রাম’।
রোববার (৫ জুলাই) দুপুরে সংগঠনটির অ্যাডমিন প্যানেলের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
আয়োজকরা জানান, নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, তিতাস নদী এ অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তবে নদীদূষণ, অপরিকল্পিত আহরণ, অবৈধ জাল ব্যবহার এবং পরিবেশগত অবনতি কারণে মাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ পরিস্থিতিতে নদীর প্রাণ ফিরিয়ে আনতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা বলেন, এটি শুধু পরিবেশবান্ধব উদ্যোগ নয়, বরং সামাজিক কল্যাণমূলক একটি কার্যক্রম, যা ভবিষ্যতে মানুষের খাদ্যচাহিদা পূরণ ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি এমন সামাজিক উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।
‘কুড়িঘর, আমাদের গ্রাম’ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।