টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর জীবিত নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে যিনি একসময় ব্যাপক আলোচনায় এসেছিলেন, মঙ্গলবার (২৩ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।
কবির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটি যেন এই শোক সহ্য করার শক্তি পায়, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।