আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্য বাস্তবায়নে অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার পরিচালনার জন্য দেশের ৩০০ সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেছে কমিশন।
রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কমিটি প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ কমিটিগুলো গঠন করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৩০০টি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন এবং নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকবেন।
কমিটির সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত তারা এ দায়িত্বে নিয়োজিত থাকবেন।