সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে পাচারের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একদল সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি আইডিএফ-এর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে পরিচালিত একটি অভিযানের সময় এই কাজ করে। অভিযানের সময় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল শনাক্ত করে তা ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে।
সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে পাচারের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একদল সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি আইডিএফ-এর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে পরিচালিত একটি অভিযানের সময় এই কাজ করে।
অভিযানের সময় তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন একটি ছাগলের পাল শনাক্ত করে তা ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে। পরে ট্রাকে করে ছাগলগুলো অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইডিএফ জানায়, এই অভিযান কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চালানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানি কমান্ডারকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি পুরো স্কোয়াডকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গোলান মালভূমির স্থানীয় কৃষকেরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে সেনাবাহিনীকে খবর দিলে বিষয়টি সামনে আসে।
তদন্তে জানা গেছে, পাচার করা ২৫০টি ছাগলের মধ্যে প্রায় ২০০টি বর্তমানে ইসরায়েলের ভেতরে রয়েছে। এসব ছাগলের কোনো পরিচয়চিহ্ন নেই এবং রোগ প্রতিরোধের টিকাও দেওয়া হয়নি। বাকি ছাগলগুলো সিরীয় সীমান্তের ভেতরে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনে অন্তত ৯টি সামরিক পোস্ট স্থাপন করে অবস্থান করছে। ইসরায়েলের দাবি, শত্রুপক্ষের হাতে অস্ত্র পৌঁছানো ঠেকাতে তারা সিরিয়ার ভেতরে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করছে।
তবে এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীর একটি অংশের অননুমোদিত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড আইডিএফ-এর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল