মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার (২৪ জুন) তিনি উপজেলার বিভিন্ন সরকারি কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জনাব শরীফ উল্লাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী সোহেল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘হার স্পেস’ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি ষোলঘর অক্ষয়কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্বোধন করেন। একই সঙ্গে বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা উপকরণ মেলা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে জেলা প্রশাসক শ্রীনগরের উত্তর রাড়িখাল এলাকায় চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সার্বিকভাবে এই পরিদর্শন কর্মসূচি শ্রীনগর উপজেলার শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।