ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গে সরাসরি সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার দুই নেতার সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যাবেন তিনি।
বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত ৮টার দিকে দক্ষিণ বনশ্রীতে নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সূচি রয়েছে তাঁর।
বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, নির্বাচনী উত্তাপের পর সংলাপ, সহমত ও সহনশীলতার বার্তা দেওয়ার লক্ষ্যেই এটি একটি কৌশলগত ও ইতিবাচক পদক্ষেপ।
দলীয় সূত্রগুলো জানায়, ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং আস্থার সেতুবন্ধন গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে।