ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত এবং কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে ‘শহীদি শপথ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, শহীদ হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম করেছেন এবং যে আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই চেতনাকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে অতীতে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত সকল শহীদকে স্মরণ করে মঙ্গলবার বিকেল ৩টায় শহীদ হাদি চত্বরে, অর্থাৎ শাহবাগে, এই শহীদি শপথ অনুষ্ঠিত হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা, তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা এবং এই হত্যাকাণ্ডে দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টার পদত্যাগ।