স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদী থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার ভোরে রহিমকে শনাক্ত করে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১০ জানুয়ারি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অন্য শ্যুটার জিন্নাত, মূল সমন্বয়কারী মো. বিল্লাল, ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির ও ঘটনাস্থল রেকর্ড করা মো. রিয়াজকে গ্রেফতার করা হয়েছিল।
গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপারস্টারের পাশের গলিতে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান মুছাব্বির। তার সহযোগী সুফিয়ান বেপারী মাসুদকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর, ৮ জানুয়ারি নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।