পটুয়াখালীর কলাপাড়ায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা মো. বেল্লাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সিদ্ধান্তে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া আহমেদের অনুমোদন রয়েছে।
বহিষ্কৃত বেল্লাল হোসেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকার একটি মোবাইল ফোনের দোকানে বসে ছিলেন আজকের পত্রিকা–এর কলাপাড়া প্রতিনিধি ও নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ৭ থেকে ৮ জন নেতাকর্মী তাকে দোকান থেকে ডেকে বাইরে এনে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে মোয়াজ্জেম হোসেন দৌড়ে দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাকে আবার টেনে বাইরে এনে দ্বিতীয় দফায় মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
বর্তমানে আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।