জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশনা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যায় উসকানি, এবং ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র–জনতাকে আসামি করার মতো গুরুতর অভিযোগসহ মোট পাঁচটি অভিযোগ নিয়ে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ জানানো হবে। পরে এসব অভিযোগের জবাবে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
এদিকে, আসামিপক্ষ এর আগে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে। সে বিষয়ে আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আসতে পারে।
আজ একই ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলার শুনানিও রয়েছে। পলাতক থাকা সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে ট্রাইব্যুনাল জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল।
এছাড়া, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার মামলায় আজ সাক্ষ্যগ্রহণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ আবু সাঈদ হত্যা মামলা এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণের সূচি রয়েছে।
আজকের শুনানিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত একাধিক মামলার অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।