প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের কথিত ভাগ্নে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইজপাড়ার বাসিন্দা কামাল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যুতার মাধ্যমে জবর দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমি মালিক ইউসুফগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভুঁইয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এমন ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, রূপগঞ্জ থানাধীন পশি মৌজায় আর এস ৮৫২ নং দাগে ১৯ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হিসেবে ১৮ বছর যাবত ভোগ দখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে বিরোধ তৈরী হলে আদালতের মাধ্যমে একাধিক রায়ে বৈধ মালিকানা পাই। পরবর্তীতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়।
তিনি আরও জানান, প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের ভাগ্নে পরিচয়দানকারী, চিহ্নিত জালিয়াত, ভূমিদস্যু অভিযুক্ত মাইজপাড়ার বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে সৈয়দ কামাল হোসেন (৪৮) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'জমি নিয়ে আদালতে মামলা চলমান। তাই জমির দখল দেখাতে চেষ্টা করেছি।'
রূপগঞ্জ থানা উপ পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, 'আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা তৈরী হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।'
রাকিব উদ্দিন ফয়সাল/এমটি