চট্টগ্রামের রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী সিকদার বাড়ির মৃত হামদু মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের সদস্য ছিলেন এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানা গেছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা জানে আলম সিকদারকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।