রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিরাজ আলী মাঠে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। কালুহাটি–আড়ানী সড়কে উঠতেই হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিতভাবে চাপাতি দিয়ে হামলা চালায়। হামলাকারী এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক আহত করে পালিয়ে যায়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল। বিরাজের সঙ্গে স্থানীয় কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পূর্ববিরোধ ছিল না, এমনকি ভোটকেন্দ্র নিয়েও কোনো দ্বন্দ্ব নেই।
চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষকদলের নেতা হলেও তার সঙ্গে কারও দ্বন্দ্বের কথা শোনা যায়নি। তবে হামলাকারী একই গ্রামের বাসিন্দা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রাজনৈতিক সহিংসতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সূত্র: আরটিভি