ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার নেতা। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল না করার সিদ্ধান্ত নেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা এসব নেতা সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আর তা জমা দেননি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো চার নেতা হলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী আমিরুল ইসলাম মিঠু।
তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি লাইভে এসে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জল বলেন, তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন, তবে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দিয়ে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার লক্ষ্যে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিকে নয়, ধানের শীষকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি।
জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দেননি।
এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ মনোনয়নপত্র দাখিল করেছেন। তার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ নিজ নিজ দলের নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।