রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, বিএনপির স্থানীয় কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি সেখানে উত্তপ্ত অবস্থায় ছিল।
জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, বিএনপির কিছু কর্মী দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। কিছুদিন আগে একটি মার্কেট বন্ধ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনার প্রতিবাদে জামায়াত স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ফুলবাড়িয়া এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই সময় অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।