দীর্ঘ ১৩ বছর কারাবন্দি থাকার পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন সাভারে ধসে পড়া সোহেল রানা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তার মায়ের মৃত্যু হলে আদালতের অনুমতি নিয়ে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে সাভারে আনা হয়। সন্ধ্যা ৬টায় সাভারের ব্যাংক কলোনিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত ৮টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এ সময় সোহেল রানাকে এক নজর দেখতে ব্যাংক কলোনি এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করেন। জানাজা শেষে তিনি কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে উপস্থিত লোকজনের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার মার কোনো অন্যায় হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিয়েন। তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।” এ সময় তার এক হাতে হাতকড়া ঝুলতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে অবস্থিত রানা প্লাজা ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হন এবং গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন।
এই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।