শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা মিছিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। প্রথমে মিছিল ছত্রভঙ্গ হলেও আন্দোলনকারীরা পুনরায় জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, ফলে নতুন করে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা ‘৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন’সহ বিভিন্ন স্লোগান দেন। পুলিশ মাইকের মাধ্যমে বারবার সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়, তবে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেন। সংঘর্ষের কারণে যমুনা ও আশপাশের এলাকায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।