মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন বলেন, 'নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই, জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না; সামনে এগোতেই হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।'
তিনি পর্যবেক্ষকদের সতর্ক করে বলেন, 'অনিয়ম অবশ্যই তুলে ধরবেন, রাজনীতিতে জড়াবেন না। পর্যবেক্ষকদের চোখ যদি দুষ্টু হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না।'
সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 'জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটার উপস্থিতিও হবে উল্লেখযোগ্য।'
পর্যবেক্ষকদের দায়িত্ব নিয়ে সানাউল্লাহ যোগ করে বলেন, 'চ্যালেঞ্জ থাকলেও অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণে জটিলতা তৈরি হতে পারে।'