বাংলাদেশের নারী ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় নতুন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হয়রানির অভিযোগ নিষ্পত্তিতে স্বাধীন অভিযোগ কমিটি গঠনের পাশাপাশি নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি, বেতন-ভাতা এবং সন্তান জন্মের পর পুনরায় ক্রিকেটে ফেরার বিষয়েও নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব উদ্যোগের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি জানান, নারী ক্রিকেটারদের হয়রানি থেকে সুরক্ষা দিতে একটি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নামও বোর্ডের অনুমোদন পেয়েছে। ফলে কোনো নারী ক্রিকেটার বা সংশ্লিষ্ট ব্যক্তি হয়রানির শিকার হলে কোথায় এবং কীভাবে অভিযোগ জানাবেন, সে বিষয়ে একটি নির্দিষ্ট ব্যবস্থা থাকছে।
বিসিবি সভাপতি বলেন, অভিযোগ কমিটিতে বোর্ডের কোনো সদস্যকে রাখা হয়নি। কারণ, এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বোর্ডের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, নারী ক্রিকেটারদের পরিবার যেন নিশ্চিন্তে তাদের সন্তানদের ক্রিকেটে পাঠাতে পারে, সে পরিবেশ তৈরি করা বিসিবির দায়িত্ব। খেলাধুলার জায়গায় কোনো ধরনের হয়রানি বা অনিরাপত্তার সুযোগ থাকা উচিত নয়।
এ ছাড়া নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে বোর্ড। গর্ভাবস্থায় ছুটি, এ সময়ের আর্থিক সুবিধা এবং সন্তান জন্মের পর আবার মাঠে ফেরার প্রক্রিয়া নিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হয়েছে। তামিম ইকবাল জানান, গত ২৮ তারিখে নীতিমালাটি বোর্ডের অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, গত বছর নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর নারী ক্রিকেটের নিরাপত্তা ও বিসিবির দায়িত্বশীলতা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।
সদ্য সংবাদ/এজে