জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রায় তারেক রহমানের সঙ্গে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং আমান উল্লাহ আমান।
এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে যোগ দেন।
দলীয় সূত্রে জানানো কর্মসূচি অনুযায়ী, নয়াপল্টন থেকে যাত্রা শুরু করা শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছ দিয়ে ডান দিকে মোড় নেবে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস