বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়।
জামায়াতের দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে। একই সঙ্গে উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আশাবাদ জানানো হয়।
বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে জামায়াতের নেতারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও যোগাযোগের পরিবেশ তৈরিতে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন বলে দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাশে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাশে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।
অন্যদিকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।
উল্লেখ্য, ইয়াও ওয়েন ২০২৩ সাল থেকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদ্য সংবাদ/এসএস