বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, জ্বালানি, সার ও কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থান বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি এআইভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনাও বৈঠকে উঠে আসে। এ প্রকল্পে মারুবেনির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় প্রশিক্ষিত করে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দক্ষ জনশক্তি ও প্রতিযোগিতামূলক সেবার সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক সেবা খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার বিষয়টিও আলোচনায় আসে।
কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সার উৎপাদন খাতে নতুন বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ বাড়ানো এবং দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মারুবেনি কর্পোরেশনের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করেন। বিশেষ করে পাটজাত পণ্যের বাণিজ্যে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করে নতুন খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও গতিশীল হবে বলে বৈঠকে আশাবাদ প্রকাশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলে আরও ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।
সদ্য সংবাদ/এসএস