জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁর সন্ধান চেয়ে জরুরি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিখোঁজ মোহাইমিনুল বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তাঁর কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে জানানো হয়েছে। সুইসাইড নোটে বিভাগের অবহেলার বিষয়ে উল্লেখ থাকায় এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হালিমের (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকায়।
সদ্য সংবাদ/ এআর