আন্তর্জাতিক সংসদীয় সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তানজানিয়া থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১১ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশ নেন স্পিকার।
এবারের সম্মেলনে আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়েছে। গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
একই দিন সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্বকারী আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের সংসদীয় পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এই দুই দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে দেশটির অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের ক্ষেত্রে গ্রুপটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, সুলতান মাহমুদ বাবু, শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়াও প্রতিনিধি দলের সঙ্গে দেশে ফেরেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদ্য সংবাদ/এসএস