পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি টাস্কফোর্সে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন স্বপন কুমার চাকমা। দায়িত্ব গ্রহণের পর গতকাল মন্ত্রণালয়ে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু’র কাছে যোগদানপত্র জমা দেন তিনি। পরে মন্ত্রী তাঁর যোগদানপত্র গ্রহণ করে তাকে শুভেচ্ছা জানান।
‘ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স’- এর চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয় গত ৪ অক্টোবরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। খাগড়াছড়ি সদরের কল্যাণপুর এলাকার বাসিন্দা সুখময় চাকমার ছেলে স্বপন কুমার চাকমার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত এই টাস্কফোর্সের চেয়ারম্যান পদটি শূন্য ছিল। টাস্কফোর্সের কার্যক্রম আরও গতিশীল ও সচল রাখতেই দ্রুত এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
স্বপন কুমার চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনায় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি সব মানুষের অধিকার সংরক্ষণ ও সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মূলধারার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাহাড়ি এলাকায় ই-লার্নিং ও দূরশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার কাজ চলছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে