গণতন্ত্রে মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। তবে সেই মতপার্থক্য যেন সংঘাত বা প্রতিহিংসায় রূপ না নেয়, সেদিকে গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়েই গণতন্ত্র আরও বিকশিত হয়।
বুধবার (৭ অক্টোবর) সকালে বঙ্গভবনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশের পথে বাধা তৈরি করে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকারের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতিকে জানান উপাচার্য। পাশাপাশি শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে বিশ্ববিদ্যালয়টির সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের তুলনামূলক পিছিয়ে থাকা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে হাবিপ্রবিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ সময় আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলে, অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।
সদ্য সংবাদ/এসকে