চলতি অর্থবছরে দ্বিতীয় দফায় বাড়ানো হলো নিম্নস্তরের সিগারেটের দাম। নতুন সিদ্ধান্তে ১০ শলাকার একটি প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ফলে এই স্তরের সিগারেটের দাম এক ধাপে বাড়ল ৩ টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। প্রজ্ঞাপনে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষর করেছেন।
নতুন মূল্য তালিকায় শুধু নিম্নস্তরের সিগারেটের দাম পরিবর্তন করা হয়েছে। মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের দাম আগের মতোই বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি ১০ শলাকা মধ্যম স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সময়ে মধ্যম স্তরের দাম ৮০ থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ থেকে ২১০ টাকা বা তদূর্ধ্ব নির্ধারণ করা হয়।
পরবর্তীতে নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এনবিআর নতুন করে প্রজ্ঞাপন জারি করল। ফলে চলতি অর্থবছরে নিম্নস্তরের সিগারেটের দাম দ্বিতীয়বার বাড়ল।
নতুন প্রজ্ঞাপনের ফলে এখন থেকে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারিত হলো। অন্য তিন স্তরের দাম অপরিবর্তিত থাকছে।
সদ্য সংবাদ/এসকে