বাংলাদেশ পুলিশের ভেতরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে সরকারকে চাপে ফেলতে ষড়যন্ত্রমূলক সংবাদ ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগে কিছু সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরকেও চিহ্নিত করার কথা বলেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশের ১ শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের মধ্যে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত, তাদের চিহ্নিত করা হয়েছে। একইভাবে কিছু হলুদ সাংবাদিক সরকারকে চাপে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়েও সতর্ক করেন আইজিপি। তার দাবি, কিছু কনটেন্ট ক্রিয়েটর মনগড়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এসব কর্মকাণ্ডে জড়িতদেরও শনাক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শিশু নিখোঁজের ঘটনা নিয়েও কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। তিনি বলেন, দেশে শিশু নিখোঁজের ঘটনা নতুন নয়। তবে বর্তমানে এসব ঘটনা গণমাধ্যমে বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। পুলিশের দৃষ্টিতে বিষয়টির পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি জানান, নিখোঁজ শিশুদের মধ্যে ৮৭ শতাংশের সন্ধান পাওয়া গেছে।
এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আইজিপি। সেখানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিষয়ে তিনি বলেন, একাধিকবার গ্রেপ্তার হলেও আইনের বিভিন্ন ফাঁকফোকরের কারণে অনেককে দীর্ঘ সময় কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর অপরাধের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আলী হোসেন ফকির। বিশেষ করে ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এসকে