রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিলা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি চলন্ত রিকশাটির পাশে এসে শিক্ষিকার ব্যাগে টান দেন। আকস্মিক ওই টানে রিকশা থেকে ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান রনজিলা পারভীন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিলা পারভীন। বাসে গাবতলী এলাকায় পৌঁছানোর পর রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন।
এদিকে ঘটনার পর অভিযুক্ত ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, দিনের আলো ফোটার আগেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসকে