পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট আলেম, ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ ও নসিহত করবেন।
পক্ষকালব্যাপী আয়োজনে ওয়াজ-মাহফিলের পাশাপাশি কিরাত, হামদ-নাত, বিষয়ভিত্তিক সেমিনার, স্বরচিত কবিতা পাঠ এবং ইসলামী সাংস্কৃতিক নানা কর্মসূচি থাকছে। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে সেমিনারগুলো বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
এ ছাড়া তরুণ প্রজন্মের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীও।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলছেন, মহানবী (সা.)- এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা এবং শান্তির মূল্যবোধ প্রতিষ্ঠাই এসব আয়োজনের মূল লক্ষ্য।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে সিরাতুন্নবী (সা.)-এর এসব কর্মসূচি ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে