প্রবাসীদের বিভিন্ন সরকারি ও আর্থিক সেবা সহজ করতে চলতি মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নুরুল হক নুর বলেন, প্রবাসীদের জন্য প্রস্তাবিত এই কার্ডটি অনেকটা এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেনের সুবিধা পাবেন। পাশাপাশি দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও কার্ডটি কাজে লাগবে।
তিনি জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও ‘প্রবাসী কার্ড’ধারী প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাসীদের কল্যাণে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের দেশে ও বিদেশে বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস