নারীদের জন্য রাজধানীতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার প্রথম দিনেই ঘটেছে ধাক্কার ঘটনা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। ঘটনার পর সংশ্লিষ্ট বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ। আইন লঙ্ঘনের অভিযোগে বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পিংক বাসটি নতুন সেবার অংশ হিসেবে রাজধানীর সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে কিছু সময়ের জন্য পরিস্থিতি তৈরি হলেও পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
পুলিশের পক্ষ থেকে বলাকা বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বস্তিদায়ক গণপরিবহন নিশ্চিত করতে বিআরটিসি পিংক বাস সার্ভিস চালু করেছে। এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক ও সহকারী হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রথম দিনেই ধাক্কার ঘটনায় নতুন এই বাসসেবা ঘিরে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসকে