স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রশিক্ষণ ও মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার দেশটির স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশের রোগীরা এখন মালয়েশিয়ায় যাচ্ছেন। বাংলাদেশি রোগীদের জন্যও দেশটি চিকিৎসার একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে।
মোহাম্মদ শুহাদা ওসমান জানান, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশিদের চিকিৎসাসেবা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। মালয়েশিয়ায় চিকিৎসার খরচ তুলনামূলকভাবে কম এবং বিভিন্ন সেবার মূল্য সম্পর্কে আগেই তথ্য জানার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের কিডনি, লিভার ও বোনম্যারো প্রতিস্থাপনসহ জটিল চিকিৎসা বিষয়ে মালয়েশিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।
এ ছাড়া স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার পাশাপাশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়েও আলোচনা হয়। হাইকমিশনার জানান, বাংলাদেশে মালয়েশিয়ার কিছু শিক্ষার্থী এমবিবিএস, এমডিএস এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
মালয়েশিয়ার শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীরা যেন বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নতমানের সেবা নিশ্চিত করা গেলে বাংলাদেশি রোগীদের মধ্যে দেশটিতে চিকিৎসা নেওয়ার আগ্রহ আরও বাড়বে।
এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। সুবিধাজনক সময়ে সফরের বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।
সাক্ষাৎকালে ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনের কর্মকর্তা, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের প্রতিনিধি, বাংলাদেশি অংশীদার প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস