দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা চাইলে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী নির্বাচনে বহাল থাকলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তাঁরা নির্ধারিত নিয়মে ভোট দেবেন। ভোট দেওয়ার পর ব্যালট নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে জমা দেওয়া হবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিকেল ৫টায় শুরু হবে গণনা। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ হয়েছে এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। পরে সচিবালয়ে নির্বাচনের ফলাফলসংক্রান্ত গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রার্থী। বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তাঁর প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।
গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।
সদ্য সংবাদ/এসকে