মাত্র ১৭ মাসের অধ্যবসায়ে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে ১১ বছর বয়সী মোহাম্মদ রাকিবুল ইসলাম। অল্প বয়সে তার এই অর্জনে খুশি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
গত ২০ নভেম্বর রাকিবুলের পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন হয়। সে রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী।
রাকিবুলের বাবা মোহাম্মদ নবি হুসেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ নিয়ে পড়াশোনা করে আসছে সে।
তার হিফজের দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিয়মিত পাঠদান ও তত্ত্বাবধানের পাশাপাশি রাকিবুলের নিয়মিত অনুশীলন এবং পরিবারের সহযোগিতা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, রাকিবুল পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ নিজের জীবনে ধারণ করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
মাত্র ১১ বছর বয়সে এত অল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এই অর্জন রাকিবুলের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
সদ্য সংবাদ/এসএস