শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে এবং কারাগারে পাঠানো হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে অবস্থানরত অন্য সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের যে আইনি অবস্থান, তার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। তাকে দেশে ফিরিয়ে আনার পর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে সরকারের সঙ্গে কারও আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কোনো উদ্যোগের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো সমঝোতা বা যোগাযোগ নেই।
শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন শামা ওবায়েদ। তার ভাষ্য, তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। ফলে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট স্থানে গ্রেপ্তারের সক্ষমতা নিয়ে আলোচনারও প্রয়োজন নেই।
এদিকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ড এবং জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার সঙ্গে জড়িতদের পাশাপাশি এসব ঘটনায় নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনাকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন শামা ওবায়েদ। তার মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। এতে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরাও অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনসংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাই এ ক্ষেত্রেও আইনি বিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা, তাকে গ্রেপ্তার এবং বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান কঠোর ও অপরিবর্তিত রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসএস