দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক সামরিক সংঘাতের পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। গত বছরের চার দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর হতে যাচ্ছে।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মাসুদ মালিক।
এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এবারই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিরোধের অন্যতম কেন্দ্র কাশ্মির। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই অঞ্চলটির মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী।
সর্বশেষ গত বছরের মে মাসে কাশ্মিরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা ভয়াবহ রূপ নেয়। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপর দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করে পাল্টাপাল্টি হামলা চলে। চার দিনের ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
সামরিক সংঘাতের পাশাপাশি দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপও নেয়। এমন পরিস্থিতিতে এসসিওর আঞ্চলিক আয়োজনকে কেন্দ্র করে পাকিস্তানের মন্ত্রীর ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক সম্মান বজায় রেখে এসসিওর আওতায় বিভিন্ন সভ্যতার মধ্যে আলোচনা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: এএফপি।
সদ্য সংবাদ/এসএস