ভারতের রাজধানী দিল্লিতে পুলিশি হেফাজতে নেওয়ার পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। তাঁদের আগে গভীর রাতে ছাড়া পান আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠী।
রোববার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সিজেপির ওই তিন নেতাকে মুক্তি দেওয়া হয়। দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং এ তথ্য জানিয়েছেন।
নেতাদের মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সিজেপি। দলটির পোস্টে বলা হয়, শেষ পর্যন্ত অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ছেড়ে দিতে হয়েছে দিল্লি পুলিশকে। একই পোস্টে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছে দলটি ‘ককরোচরা কখনো মরে না।’
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক অভিযান চলছে। শনিবার থেকে শুরু হওয়া এ অভিযানে ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী ও অনলাইন কনটেন্ট নির্মাতারা রয়েছেন। তাঁদের মধ্যে ইউটিউবার ধ্রুব রাঠীও ছিলেন।
সদ্য সংবাদ/এসএস