পাকিস্তানে যুদ্ধবিমানসহ আটক হয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসা ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান সামরিক বাহিনী থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ ২২ বছরের সামরিক ক্যারিয়ার শেষে এবার বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চালানোর পেশায় যুক্ত হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানা গেছে, গত আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক বেসরকারি এয়ারলাইনস ‘ফ্লাই৯১’- এ পাইলট হিসেবে যোগ দেন অভিনন্দন। তবে নতুন কর্মজীবন নিয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি। কর্মীদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি উল্লেখ করে এয়ারলাইনস কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের সময় পাকিস্তানি যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে অভিনন্দনের মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
পরে প্যারাস্যুটের মাধ্যমে পাকিস্তানের মাটিতে অবতরণ করেন তিনি। সেখানেই পাকিস্তানি সেনাদের হাতে আটক হন অভিনন্দন। তিন দিন পর তাকে মুক্তি দেওয়া হয়।
ওই ঘটনার পর অভিনন্দন ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। সামরিক দায়িত্ব পালনে সাহসিকতার স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে দেশটির তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্র’- এ ভূষিত করে।
বিমানবাহিনীতে দুই দশকের বেশি সময় দায়িত্ব পালনের পর এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করলেন অভিনন্দন। সামরিক যুদ্ধবিমানের পরিবর্তে এখন বাণিজ্যিক উড়োজাহাজের ককপিটেই দেখা যাবে তাকে।
সদ্য সংবাদ/এসকে