সংগীতের মঞ্চে একসময় নিজের কণ্ঠ দিয়ে দুই বাংলার শ্রোতাদের মধ্যে পরিচিতি তৈরি করেছিলেন মাইনুল আহসান নোবেল। ‘সা রে গা মা পা বাংলা’য় অংশ নেওয়ার পর তার জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর গান ও ব্যক্তিজীবন দুই দিকেই নানা ঘটনা তাকে আলোচনায় রেখেছে।
তবে সাম্প্রতিক সময়ে নোবেলের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে। গান কিংবা বিতর্কের বদলে স্ত্রী ও সন্তানকে নিয়েই বেশি সময় কাটানোর মুহূর্ত প্রকাশ করছেন তিনি।
কখনো সন্তানকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন, আবার কখনো পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানোর ছবি-ভিডিও প্রকাশ করছেন। সম্প্রতি এমনই একটি ভিডিওতে মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাতে দেখা যায় তাকে। ভিডিওটি ধারণ করেন তার স্ত্রী।
আরেকটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ীর নবাববাড়িতে ছেলেকে কোলে নিয়ে জনপ্রিয় শিল্পী জেমসের ‘বাবা’ গানটি গাইতে দেখা যায় নোবেলকে।
পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি। এসব পোস্টে কখনো ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’, আবার কখনো ‘মাই ফ্যামিলি’ ধরনের ক্যাপশন ব্যবহার করছেন এই শিল্পী।
নোবেলের এমন পোস্টে অনুসারীদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তাকে পরিবারকে সময় দেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শও দিচ্ছেন।
২০১৮ সালে ভারতের সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা বাংলা’র মাধ্যমে বড় পরিসরে পরিচিতি পান নোবেল। তার কণ্ঠ ও পরিবেশনা দুই বাংলার সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছিল। সেই সময় তাকে ঘিরে সংগীতাঙ্গনে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা।
পরবর্তী সময়ে ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনা, অভিযোগ ও আইনি জটিলতা নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমের আলোচনায় আসেন তিনি। এসব কারণে তার সংগীতজীবনও নানা সময় আলোচনার বাইরে চলে যায়।
২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেন নোবেল। বর্তমানে ওই স্ত্রীকে নিয়েই সংসার করছেন তিনি। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
সম্প্রতি সন্তানকে প্রকাশ্যে আনেন নোবেল। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পারিবারিক মুহূর্তের উপস্থিতি আরও বেড়েছে।
নোবেলের সাম্প্রতিক কর্মকাণ্ডে তাই এখন সামনে আসছে পরিবারকেন্দ্রিক জীবনের চিত্র। ভক্তদের অনেকেই আশা করছেন, ব্যক্তিগত জীবনের ব্যস্ততার পাশাপাশি তিনি আবারও সংগীতে মনোযোগ দেবেন এবং নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরবেন।
সদ্য সংবাদ/এসএস