চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর চন্ডিতলা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সুহাগ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল নিক্তিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সুহাগ আলী হুজরাপুর চন্ডিতলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সুহাগ আলীর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
সদ্য সংবাদ/এজে