চট্টগ্রামে ইমতিয়াজ সুলতান ইকরাম নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকরামের স্ত্রী রুমা আক্তার সূচির অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তবে এ ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি কোনো নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, ইকরাম একসময় সন্ত্রাসী অপরাধজগতের আলোচিত নাম ‘বড় সাজ্জাদ’ ওরফে সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ‘একরামুল হক’ নামেও পরিচিত। নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় তাঁর বাড়ি।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়।
এর আগে, চলতি বছরের ২০ মার্চ ইকরামের স্ত্রী স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি দাবি করেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইকরাম চট্টগ্রামের অপরাধজগতের পরিচিত মুখ। একসময় ‘রিচ কিডস’ নামের একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক ব্যবসায়ীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলার অভিযোগপত্রেও তাঁর নাম ছিল। ওই মামলায় বড় সাজ্জাদসহ আরও কয়েকজন আসামি ছিলেন।
তবে ইকরামের পরিবারের দাবি, তিনি একজন ব্যবসায়ী। ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
সদ্য সংবাদ/ এআর