সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের নেতা জহিরুল ইসলাম জহির। তিনি রামগঞ্জ পৌরসভা এনসিপির সদস্যসচিব ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়ে একটি পোস্ট দেন জহির। ব্যক্তিগত কারণসহ আরও কিছু বিষয় উল্লেখ করে পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে জহির লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয় আছে, যা আপাতত বলা সম্ভব নয়।
স্থানীয় সূত্র জানায়, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। তাঁদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌরসভার সদস্যসচিব মনোনীত করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন জানান, ফেসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছেন। তিনি পোস্টটি দেখেছেন। তবে কী কারণে জহির পদত্যাগ করেছেন, তা তাঁর জানা নেই।
সদ্য সংবাদ/ এআর