খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমাকে ধাক্কা দেওয়ার পর চালক পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালার দিকে যাওয়ার পথে কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিরুপন চাকমা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপচালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে গাড়ি ও চালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর