প্রশাসনে তিন সচিবের দপ্তরে রদবদল এনেছে সরকার। পাশাপাশি একজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাঁকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/ এআর