দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর এলাকার বস্তিসংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।
নিহত রুনা লায়লা সৈয়দপুর আল ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আ. আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাঁদের বাসা সৈয়দপুর শহরের হাজীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী রাজিয়া জানান, রেললাইনের পাশে রেলওয়ের পানির ট্যাংকের নিচে বসেছিলেন ওই নারী। এ সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশনে প্রবেশ করছিল। ট্রেনটি কাছাকাছি পৌঁছালে ওই নারী দৌড়ে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় তাঁর শরীরে স্বর্ণালংকার ছিল বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রুনা লায়লা দুই ছেলের মা। তাঁর বড় ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছেন। ছোট ছেলে এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সদ্য সংবাদ/এসএস